ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করে থানায় অবস্থান করছেন তিনি। বিস্তারিত পড়ুন।
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলার পর নাসীরুদ্দীন পাটওয়ারী নেতাকর্মীদের নিয়ে থানায় অবস্থান করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান কর্মসূচিতে অংশ নিতে ঝিনাইদহ যান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জেলা কালেক্টরেট মসজিদে জুমার নামাজ আদায় করে বের হওয়ার সময় এই পরিস্থিতির মুখোমুখি হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে যান। কথা বলার একপর্যায়ে পেছন থেকে কিছু যুবক আকস্মিকভাবে ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায়। এতে এনসিপির স্থানীয় ৩-৪ জন নেতাকর্মী আহত হন। ঘটনার পর এনসিপি নেতারা শহরে বিক্ষোভ মিছিল করেন।
আইনমন্ত্রীর পদত্যাগ দাবি নাসীরুদ্দীনের
হামলার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, “আইনমন্ত্রী ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদের লোকজন এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে এবং ডিম নিক্ষেপ করেছে। আমি আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আইনমন্ত্রীর নিজ এলাকাতেই যদি আইনশৃঙ্খলার এই অবস্থা হয়, তাহলে তার মন্ত্রী থাকার কোনো দরকার নেই।”
অভিযোগ অস্বীকার ছাত্রদলের
অভিযোগের বিষয়ে ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন জেলায় গিয়ে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তিনি ঝিনাইদহ আসায় আমি শুধু এই বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করে। মারামারি বা ডিম নিক্ষেপের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।”
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলও জানান, এই ঘটনার সঙ্গে ছাত্রদলের কেউ জড়িত নয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারী নেতাকর্মীদের নিয়ে থানায় এসেছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...