নিউজ টাইম
৪ জানুয়ারী, ২০২৬ দুপুর ০২:৫৯

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণপদকজয়
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণপদকজয়

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল একটি স্বর্ণপদকসহ মোট ১১টি পদক অর্জন করেছে। স্বর্ণপদকের পাশাপাশি আছে ৬টি ব্রোঞ্জপদক ও ৪টি টেকনিক্যাল পদক

বিশ্বের দরবারে আবারও মাথা উঁচু করল বাংলাদেশের খুদে রোবটিক্স বিজ্ঞানীরা। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরে অনুষ্ঠিত ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (IRO) ১টি স্বর্ণপদকসহ মোট ১১টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। স্বর্ণপদক ছাড়াও আমাদের শিক্ষার্থীরা ঘরে তুলেছে ৬টি ব্রোঞ্জপদক ও ৪টি টেকনিক্যাল পদক।


গত ১৭-২০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার মান্ত্রা সাউথপোর্ট শার্ক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ক্রিয়েটিভ ক্যাটাগরির সিনিয়র গ্রুপে বিশ্বসেরা হয়ে স্বর্ণপদক জিতেছে আনন্দমোহন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল টিটু। ২১ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।


বাংলাদেশের এই অর্জনে স্বর্ণপদকের পাশাপাশি অন্যান্য বিজয়ীরা হলেন:


ব্রোঞ্জপদক (৬টি): নুসাইবা তাজরিন (ক্রিয়েটিভ মুভি ও ফিজিক্যাল কম্পিউটিং), জুবাইদাহ জাফরিন, রিদোয়ান রাব্বানী, খোন্দকার মুশফিকুল ইসলাম এবং প্রিয়ন্তী দাস।

টেকনিক্যাল পদক (৪টি): মোহাম্মদ জারিফ বিন সালেক, নাফিয়া বাসার, জাইমা যাহিন এবং প্রিয়ন্তী দাস।


বাংলাদেশ দলের এই গৌরবময় যাত্রায় কোচ হিসেবে ছিলেন মিশাল ইসলাম ও সহকারী কোচ এম তানজিম আল ইসলাম দিবস। দলনেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (BdOSN) সভাপতি এ এ মুনির হাসান। এছাড়াও আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. লাফিফা জামাল।


এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ দলকে সার্বিক পৃষ্ঠপোষকতা করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। উল্লেখ্য, ২০১৮ সাল থেকে অংশ নিয়ে বাংলাদেশ এ পর্যন্ত মোট ১৫টি স্বর্ণসহ ৯৪টি পদক জিতেছে।


সম্প্রতি সিঙ্গাপুরের মেরিনা বের স্যান্ড এক্সপোতেও বাংলাদেশের ৯টি দল অংশ নিয়ে মেধার স্বাক্ষর রেখেছে। সেখানে ‘টিম লেইজি-গো’ বিশ্বের ৬৫টি দেশের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করে। এছাড়াও ‘সোরাল্যাবস’ ও ‘সাইবার স্কোয়াড’ নিজ নিজ ক্যাটাগরিতে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে।


বাংলাদেশ রোবট অলিম্পিয়াড একটি দেশব্যাপী মেধা অন্বেষণ প্ল্যাটফর্ম। প্রতি বছর জানুয়ারি থেকে প্রশিক্ষণ শুরু হয়ে কয়েক ধাপের যাচাই-বাছাই ও জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে আন্তর্জাতিক দল গঠন করা হয়।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৬৯

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...