ফরিদপুরে জেমসের কনসার্টে ভয়াবহ বিশৃঙ্খলা, ইটপাটকেলে আহত ৩০। আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া জানালেন নগর বাউল জেমস।
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসবের সমাপনী রাতটি এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হলো। ‘নগর বাউল’ খ্যাত জেমসের গান গাওয়ার কথা থাকলেও বহিরাগতদের ইটপাটকেল নিক্ষেপ ও চরম বিশৃঙ্খলার কারণে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জিলা স্কুল চত্বরে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠান বাতিল হওয়া নিয়ে মুখ খুলেছেন স্বয়ং জেমস। সংবাদমাধ্যমে তিনি এই ঘটনার জন্য সরাসরি আয়োজকদের দায়ী করে বলেন, “এটি সম্পূর্ণ আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতা। সেখানে নিরাপত্তা এবং দর্শক ব্যবস্থাপনায় বড় ধরনের ঘাটতি ছিল।”
জেমসের ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর জানান, তারা সন্ধ্যা থেকেই ফরিদপুরের একটি গেস্ট হাউসে অবস্থানের প্রস্তুতি নিচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আয়োজকরা অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেন এবং জেমস ও তাঁর দল ঢাকায় ফিরে আসেন।
আয়োজক সূত্রে জানা গেছে, পুনর্মিলনী অনুষ্ঠানটি শুধুমাত্র নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য ছিল। কিন্তু জেমসের গান শোনার জন্য কয়েক হাজার অনিবন্ধিত মানুষ স্কুলের সামনে ভিড় করেন। জায়গার সংকুলান না হওয়ায় তাদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। পরিস্থিতি সামলাতে বাইরে দুটি বড় প্রজেক্টর বসানো হলেও উত্তেজিত জনতা সন্তুষ্ট হননি।
এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে জনতা দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তা কর্মীদের বাধার মুখে তারা স্কুল প্রাঙ্গণ ও মূল মঞ্চ লক্ষ্য করে এলোপাথাড়ি ইট নিক্ষেপ শুরু করে।
ইটপাটকেলের আঘাতে আয়োজক কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীমসহ প্রায় ২৫-৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, জেমস আসার খবরে ২০-২৫ হাজার মানুষের জমায়েত হয়েছিল, যা স্কুলের ধারণক্ষমতার অনেক বাইরে। জানমালের নিরাপত্তার স্বার্থে শেষ পর্যন্ত কনসার্টটি বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...