২০২৫ সালে ৯৩৭ কোটি টাকা মুনাফা অর্জন করেছে রবি আজিয়াটা পিএলসি। ডাটা রাজস্বের ওপর ভর করে বড় প্রবৃদ্ধি এবং ১৭.৫% লভ্যাংশের ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও ২০২৫ সালে ব্যবসায়িক সাফল্যে দৃঢ় অবস্থান দেখিয়েছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসি। বছর শেষে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা (পিএটি) দাঁড়িয়েছে ৯৩৭.১ কোটি টাকা। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে রবির মোট রাজস্ব আয় হয়েছে ৯,৯৯২.২ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ০.৪% বেশি। বিশেষ করে ভয়েস কল থেকে আয় কমলেও ডাটা বা ইন্টারনেট থেকে আয় বেড়েছে ৫.১%। চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটি ৩১১.৯ কোটি টাকা মুনাফা করেছে। ২০২৫ সালে রবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১.৭৯ টাকা, যা আগের বছরের তুলনায় ৩৩.৩% বেশি।
ভালো মুনাফার সুবাদে রবির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৭.৫% নগদ লভ্যাংশ (প্রতি শেয়ারে ১.৭৫ টাকা) সুপারিশ করেছে। এটি কোম্পানির মোট মুনাফার প্রায় ৯৮ শতাংশ। আগামী ২২ এপ্রিল বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এটি অনুমোদিত হবে।
২০২৫ সাল শেষে রবির সক্রিয় গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৭৪ লাখে। এর মধ্যে ৪ কোটি ৪৫ লাখ গ্রাহক ডাটা ব্যবহার করেন। উল্লেখ্য, রবির মোট গ্রাহকের প্রায় ৭০ শতাংশই ফোর-জি ব্যবহারকারী, যা দেশের মোবাইল অপারেটরদের মধ্যে সর্বোচ্চ। বর্তমানে রবির ফোর-জি সাইটের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে, যা দেশের ৯৮.৯৮% মানুষকে কভারেজের আওতায় এনেছে।
রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা বলেন, “পরিচালন দক্ষতার কারণে আমরা মুনাফা বাড়াতে পেরেছি। তবে আমাদের মোট আয়ের ৬২ শতাংশই (৬,২০১ কোটি টাকা) সরকারি কোষাগারে কর হিসেবে দিতে হয়েছে। এটি অত্যন্ত উচ্চ কর ব্যবস্থা, যা টেলিকম শিল্পের দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে।” তিনি আরও জানান, উচ্চ মূল্যস্ফীতির কারণে গ্রাহকদের ব্যয় ক্ষমতা কমেছে, যা সার্বিক রাজস্বে প্রভাব ফেলেছে।
তা সত্ত্বেও রবি দেশের ৪০টি জেলায় নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ফাইভ-জি উপযোগী ইকোসিস্টেম তৈরিতে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...