দুর্নীতি করে কেউ পার পাবে না-সচিবালয়ে প্রথম কর্মদিবসেই কঠোর বার্তা দিলেন নবনিযুক্ত আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। কর্মকর্তাদের উদ্দেশ্যে তাঁর সাফ কথা, সততা বজায় রাখতে না পারলে চাকরি ছাড়ুন।
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি ঘোষণা করেছেন নবনিযুক্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ে তাঁর প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি সাফ জানিয়ে দেন, দুর্নীতি করলে কেবল প্রশাসনিক ব্যবস্থাই নয়, বরং সরাসরি ফৌজদারি মামলার মুখোমুখি হতে হবে।
সভায় কর্মকর্তাদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, “যদি কেউ মনে করেন দুর্নীতি করে পার পাবেন—তা এখানে সম্ভব নয়। যাদের মনে হবে চাকরির টাকায় সংসার চলে না, তাদের চাকরি করার দরকার নেই। তারা ওকালতি করুক। কারণ অবসরের পর ওকালতি করার সুযোগ থাকে। এটা আমার কমন মেসেজ।”
বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে জোর দিয়ে মন্ত্রী বলেন, “বিচারক শব্দটার সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত। বিচারক মানেই সৎ—এই জায়গাতেই আমি বিশ্বাস করতে চাই। সবাই বলে দুর্নীতিবাজ বিচারপতি, কিন্তু আমি বিচারকদের সৎ-অসৎ—এই দুই ভাগে ভাগ করে দেখতে চাই না।”
এর আগে আইন মন্ত্রণালয়ে পৌঁছালে উভয় বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং জনকল্যাণমূলক কাজে গতি আনার নির্দেশ দেন। মন্ত্রী স্পষ্ট করেন যে, বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো প্রকার আপস করবে না।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...