গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশ! স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার ভিত্তিতে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন ইসি সানাউল্লাহ। বান্দরবানে আইনশৃঙ্খলা সভায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ফেরানোর আহ্বান
দীর্ঘদিন গণতান্ত্রিক প্রক্রিয়ার অনুপস্থিতির পর বাংলাদেশ এখন একটি সত্যিকারের অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবান পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
ইসি সানাউল্লাহ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল একটি নির্বাচন নয়, বরং এটি দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিগত সময়ের জাতীয় নির্বাচনগুলোতে শুধু নির্বাচন কমিশনই নয়, বরং দেশের প্রায় প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে। এই নির্বাচন আমাদের সেই হারিয়ে যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি বড় সুযোগ।”
জুলাই আন্দোলনের পটভূমি স্মরণ করে তিনি বলেন, সত্যিকারের গণতন্ত্রের অভাব ও ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থাই ছিল সেই গণঅভ্যুত্থানের অন্যতম কারণ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার বিকল্প নেই। তিনি নির্বাচন পরিচালনার জন্য তিনটি মূল শর্ত ঘোষণা করেন: ১. স্বচ্ছতা ২. নিরপেক্ষতা ৩. দৃঢ়তা
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, পুলিশকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে এবং অন্যান্য বাহিনী তাঁদের সহায়তা করবে। গোয়েন্দা তথ্য-উপাত্তের ভিত্তিতে কোনো পক্ষাবলম্বন না করে পূর্ণ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কাজ হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ এবং আইনের আলোকে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. আব্দুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল করিমসহ সামরিক বাহিনী, বিজিবি এবং গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...