1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
১১ নভেম্বর, ২০২৬ দুপুর ০১:০১

2ddd1054-ac13-4899-9382-75e84ee8f5bd_1200x730.webp

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে আয়োজিত বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনের আগে দুই নেতা বৈঠকে বসেন। বৈঠকটি প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়।

প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগিতায় গুরুত্ব

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাকে আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগের মাধ্যমে সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সংলাপের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন তারেক রহমান। এ খাতে অংশীদারত্ব গড়ে তোলার বিষয়েও দুই পক্ষ গুরুত্ব দেয়।

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন কামনা

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ধারাবাহিক সমর্থনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে মাঠপর্যায়ে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ায় দেশটিকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।এ লক্ষ্যে আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গাদের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার অগ্রগতির প্রশংসা করেন তিনি।

কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস ও ইউএনবি

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১১১

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...