1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
৯ নভেম্বর, ২০২৬ দুপুর ১০:১৭

129bfcbb-554b-4782-a11a-af7893d55070_1200x730.webp

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সোমবার শুরু হচ্ছে। বিকেল সাড়ে ৩টায় সংসদের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় আয়োজিত এই অধিবেশন সংক্ষিপ্ত হলেও সংবিধান সংশোধন, জ্বালানির মূল্যবৃদ্ধিসহ চলমান রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠতে পারে।

গতকাল রোববার অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনটি আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী অধিবেশনটি আট কার্যদিবস চলবে।

সংসদ সচিবালয় ইতোমধ্যে অধিবেশন আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৪ অক্টোবর এই অধিবেশন আহ্বান করেন।

সাংবিধানিক বাধ্যবাধকতায় সংক্ষিপ্ত অধিবেশন

সংশ্লিষ্টরা জানান, মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার জন্যই এই অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হয়।

কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত অধিবেশন চলবে। প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের কার্যক্রম শুরু হবে।

কার্য উপদেষ্টা কমিটির সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে অংশ নেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অধিবেশন ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। তবে স্পিকার চাইলে অধিবেশনের মেয়াদ বাড়াতে বা কমাতে পারবেন।

তিনি আরও জানান, এই অধিবেশনের জন্য তিনটি অধ্যাদেশ ও একটি বিল সংসদে এসেছে। এছাড়া আরও দু-একটি বিল আসতে পারে।

উত্থাপন হতে পারে ছয়টি সরকারি বিল

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই অধিবেশনে ছয়টি সরকারি বিল উত্থাপন ও আলোচনা হতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি বিল পাসের সম্ভাবনাও রয়েছে।

এসব বিলের মধ্যে বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা তিনটি অধ্যাদেশও থাকতে পারে। অধ্যাদেশগুলো বিল আকারে সংসদে পাসের মাধ্যমে আইনে পরিণত করার বাধ্যবাধকতা রয়েছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিল পাওয়া গেছে। পাশাপাশি রাষ্ট্রপতির জারি করা পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে।

সংসদে জমা পড়েছে ৩ হাজার ৭৫১টি প্রশ্ন

এই অধিবেশনে প্রধানমন্ত্রীকে উত্তর দেওয়ার জন্য ১৭৪টি প্রশ্ন জমা পড়েছে। অন্য মন্ত্রীদের জন্য জমা পড়েছে ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি।

এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের নোটিশ জমা পড়েছে ৯২টি। অন্যদিকে বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের নোটিশ জমা পড়েছে ২৮১টি।

জানুয়ারিতে বসতে পারে পরবর্তী অধিবেশন

জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় এবারের অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি বছর জানুয়ারি মাসে সংসদের বছরের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সেই হিসাবে ২০২৭ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন বসতে পারে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১০৯

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...