পড়াশোনার আনন্দমুখর পরিবেশ মুহূর্তের মধ্যেই পরিণত হলো এক মর্মান্তিক ধ্বংসস্তূপে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার শহরের একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২৭ জন শিক্ষার্থী এবং এক শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে পেশোয়ারের দির কলোনি এলাকার একটি বেসরকারি স্কুলে ক্লাস চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনার আকস্মিকতায় পুরো পেশোয়ার শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধারকর্মীরা আশঙ্কা করছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক শিশু আটকে থাকতে পারে, যার ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
ঘটনার পরপরই আহতদের দ্রুত স্থানীয় লেডি রিডিং হাসপাতালে (এলআরএইচ) নিয়ে যাওয়া হয়। হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম এক বিবৃতিতে জানান, এই দুর্ঘটনায় অন্তত ১৯ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, যাদের মধ্যে ৫ জনের অবস্থা চরম আশঙ্কাজনক।
তিনি জানান, নিহত ও আহত শিশুদের বয়স ৬ থেকে ১২ বছরের মধ্যে। বেশিরভাগ শিশুর মাথায় গুরুতর আঘাত লেগেছে। দুর্ঘটনাকবলিত শিশুদের মা-বাবা ও স্বজনরা হাসপাতালে ভিড় জমায় পুরো এলাকা থমথমে হয়ে পড়ে। ভিড় সামলাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত পুলিশ মোতায়েন করতে হয়। আহতদের জরুরি সেবা দিতে লেডি রিডিং হাসপাতালে রেড অ্যালার্ট বা জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যম সূত্রে জানা যায়, যে স্কুলে দুর্ঘটনা ঘটেছে সেটি শহরের একটি অত্যন্ত সরু গলির মধ্যে অবস্থিত। গলিটি এতই সংকীর্ণ যে সেখানে একবারে মাত্র একটি গাড়ি চলাচল করতে পারে। ফলে উদ্ধারকারী যানবাহন ও সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিসকে ব্যাপক বেগ পেতে হয়।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, "আমার বোন ফোন করে কান্নাকাটি করে দ্রুত আসতে বলে। আমরা গিয়ে দেখি বহুতল ছাদ ভেঙে ছোট ছোট শিশুদের ওপর পড়েছে। আমরা সাধারণ মানুষ কোদাল ও খালি হাতেই শিশুদের বের করে আনার চেষ্টা শুরু করি।" উদ্ধারকারী দল রেসকিউ ১১২২-এর কর্মকর্তা বিলাল ফাইজি জানান, সকাল ৮টা ৪৮ মিনিটে খবর পাওয়ার পরপরই তাঁরা পৌঁছান। ভবনের ওপরের একটি ছাদ ভেঙে সোজা নিচের শ্রেণিকক্ষের ওপর পড়ে, যার ফলে শিশুরা পালানোর কোনো সুযোগ পায়নি।
এ মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রাষ্ট্রপতি তাঁর বিবৃতিতে বলেন, "এই হৃদয়বিদারক ঘটনায় পুরো জাতি আজ গভীর স্তব্ধ ও ব্যথিত।" তিনি আহতদের সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করতে এবং এই ভবন ধসের প্রকৃত কারণ খুঁজে বের করতে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন। প্রদেশের গভর্নর ফয়সাল করিম কুন্ডি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিস্তারিত রিপোর্ট তলব করেছেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...