সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে পাওয়া গেছে এক ব্যতিক্রমী চিঠি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে লেখা এই বেনামি চিঠিতে দলের সদস্য ও কর্মী হওয়ার জন্য সুনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের অদ্ভুত প্রস্তাব দিয়েছেন এক অজ্ঞাত রাজনৈতিক অনুরাগী।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারের দানবাক্স ও ঐতিহ্যবাহী ডেকচিতে জমা হওয়া দান গণনার সময় চিঠিটি উদ্ধার করা হয়। জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে সকাল সাড়ে ৯টায় যখন সিন্দুক ও ডেকচির টাকা প্রকাশ্যে গণনা কার্যক্রম শুরু হয়, তখনই গণনাকারীদের হাতে আসে এই বিশেষ চিঠিটি। চিঠির অজ্ঞাত লেখক নিজেকে একসময়কার রাজনৈতিক কর্মী দাবি করে উল্লেখ করেছেন যে, ২০১১ সালে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হলেও পরবর্তীতে বিরাজমান পরিস্থিতি ও মান বজায় না থাকায় নিজেকে গুটিয়ে নেন।
চিঠিতে বিএনপির সাংগঠনিক কাঠামোয় শিক্ষাগত যোগ্যতার কড়া শর্ত আরোপের ওপর জোর দিয়ে তিনি লেখেন—
১। দলের সাধারণ সদস্য হতে হলে কমপক্ষে এসএসসি পাস অথবা জিপিএ ২.৫ থাকতে হবে।
২। দলের সক্রিয় কর্মী হতে হলে এইচএসসি পাস এবং জিপিএ ৩.৫ থাকা বাধ্যতামূলক করা উচিত।
৩। পাশাপাশি এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগে অর্থাৎ নাবালক বয়সে কাউকে যেন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না করা হয়, সেই বিষয়েও তিনি জোরালো প্রস্তাব দেন।
চিঠির শেষ অংশে ইংরেজিতে তিনি আকুল অনুভূতি প্রকাশ করে লিখেছেন—
“I want the change to come through you.....” (অর্থাৎ: ‘আমি চাই পরিবর্তনটা আপনার মাধ্যমেই আসুক।’)
তবে চিঠির কোথাও প্রেরকের নাম, ঠিকানা বা সুস্পষ্ট পরিচয় প্রকাশ করা হয়নি। শুধু তারেক রহমানই নন, দানবাক্সের একই স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করেও একাধিক চিঠি উদ্ধার করা হয়েছে।
এসব চিঠিতে প্রধানত শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি কবে দেশে ফিরবেন—সেই অপেক্ষার কথা আবেগঘন ভাষায় ফুটিয়ে তুলেছেন ভক্তরা। এছাড়া সাধারণ মানতকারীদের কাছ থেকে বিভিন্ন ব্যক্তিগত পারিবারিক সমস্যা সমাধান, রোগমুক্তি এবং চাকরি পাওয়ার আকুতি সংবলিত শত শত চিঠিও পাওয়া গেছে দানবাক্সে।
সিলেটের শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে কেবল টাকা-পয়সাই নয়, বরং মানত ও প্রার্থনার উদ্দেশ্যে সাধারণ মানুষ তাঁদের মনের গহীনের বহু আশা-আকাঙ্ক্ষা লিখে জমা দিয়ে থাকেন। দেশের চলমান রাজনীতি, সংস্কারের হাওয়া এবং নেতৃত্বের প্রতি প্রত্যাশাও যে এখন ভক্তদের মানতের চিঠিতে স্থান পাচ্ছে, এই ঘটনা তারই এক বিরল ও কৌতূহলোদ্দীপক নজির।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...