1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২৮ অক্টোবর, ২০২৬ দুপুর ০৪:০৫

বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরাম ডায়ালগে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরাম ডায়ালগে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের গাড়ি উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি, রেল ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণসহ পাঁচটি অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশের পাঁচটি অগ্রাধিকার খাতে জাপানি কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাতগুলো হলো—গাড়ি উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ সহযোগিতা, রেল ও লজিস্টিকস এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন।


বুধবার (২৮ অক্টোবর) টোকিওতে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) হলে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরাম সংলাপে মূল বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।


প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩৫০টি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। তবে বাংলাদেশে জাপানের প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ এখনো ৫০ কোটি মার্কিন ডলারের নিচে। গত অর্থবছরে জাপানে বাংলাদেশের রপ্তানি ছিল ১৩৬ কোটি ডলার। বিপরীতে, জাপান থেকে বাংলাদেশ ২১৬ কোটি ডলারের পণ্য আমদানি করেছে।


২০২৯ সালের মধ্যে গাড়ি উৎপাদনের পরিকল্পনা টয়োটার


তারেক রহমান বলেন, ২০২৯ সালের মধ্যে বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানায় পূর্ণাঙ্গ উৎপাদন শুরুর লক্ষ্যে টয়োটার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।


জ্বালানি ও প্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান


জ্বালানি খাতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অবকাঠামো, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানিতে জাপানি বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।


প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস ও ইলেকট্রনিকস উৎপাদনকে কেন্দ্র করে বাংলাদেশ-জাপান প্রযুক্তি পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি প্রযুক্তি ও মহাকাশ সহযোগিতার সম্ভাবনার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।


প্রধান শহরগুলোকে যুক্ত করার পরিকল্পনা দ্রুতগতির রেল নেটওয়ার্কের


রেল ও লজিস্টিকস খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরে তারেক রহমান জানান, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশালসহ দেশের প্রধান শহরগুলোকে যুক্ত করে উঁচু পথে দ্রুতগতির রেল নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।


কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণেও বিনিয়োগের সুযোগ


কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন খাতে জাপানি কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জাপানি মান অনুযায়ী শিল্প স্থাপনের কাজ চলছে। অঞ্চলটির উন্নয়নে কাজ করছে সুমিতোমো করপোরেশন।


বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগ


জাপানি বিনিয়োগকারীদের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, উন্নত অবকাঠামো, শুল্ক ছাড় এবং করব্যবস্থার পূর্বানুমানযোগ্যতা নিয়ে উদ্বেগ দূর করতে সরকার কাজ করছে বলে জানান তারেক রহমান।


দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন উন্নয়ন সহযোগিতার গণ্ডি পেরিয়ে আগামী ৩০ থেকে ৫০ বছরের জন্য বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১০৫

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...