চাঁদা দিতে অস্বীকৃতি জানানো এবং তোষামোদ না করার জেরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের নতুন সৃজনশীল স্টুডিও ‘ব্রাউনফিশ’ (Brownfish)-এ হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে।
রাজধানীর ইসিবি চত্বরের ‘নিউগ্রিনি প্রপার্টিজে’ শনিবার মধ্যরাতে চাঞ্চল্যকর এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে বিমানে করে ঢাকায় ফিরে সকালে বিধ্বস্ত স্টুডিওতে উপস্থিত হন সালমান। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ব্যঙ্গাত্মক সুরেই ‘অভিনন্দন’ জানান তিনি।
স্টুডিওর কর্মকর্তারা জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি বড় দল হঠাৎ অস্ত্রশস্ত্র নিয়ে ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে প্রবেশ করে তাণ্ডব শুরু করে। হামলাকারীদের কয়েকজনের হাতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠলে স্টুডিওর কর্মীরা টয়লেটে আশ্রয় নেন। কিন্তু হামলাকারীরা টয়লেটের দরজা ভেঙে অস্ত্রের মুখে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং সিসি ক্যামেরাসহ দামি শুটিং যন্ত্রপাতি ও আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়।
"এই ভিডিওটা স্পেশালি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না। দিস ইজ নরমাল ইন বাংলাদেশ। দ্যাটস হোয়াই আই অ্যাম স্মাইলিং... সালাহউদ্দিন আহমদ, গ্রেট জব! আই লাভ ইওর ওয়ার্ক।"
দেশের তরুণদের সচেতন করে তিনি আরও বলেন, "বাংলাদেশে যদি আপনি নতুন কিছু করতে চান আর কারও তোষামোদ বা চাটুকারিতা না করেন, সিকিউরিটির জন্য কোনো পার্টিকে ফলো না করেন—তবে আপনার সাথে এটাই ঘটবে।"
ঘটনায় সরাসরি স্থানীয় রাজনৈতিক কর্মীদের দায়ী করে সালমান মুক্তাদির বলেন, ভবন মালিকের কাছে বিএনপির কিছু লোক চাঁদা দাবি করেছিল। সেই চাঁদা না দেওয়াতেই ক্ষুব্ধ হয়ে তাঁর স্টুডিও তছনছ করা হয়েছে। হামলাকারীদের উদ্দেশে তিনি বলেন, "তোমাদের চাঁদাবাজি আমার স্বপ্নকে কেড়ে নিতে পারবে না। এই চাঁদাবাজির মানসিকতাই তোমাদের এই পর্যায়ে রেখে দিয়েছে, কারণ তোমরা বড় স্বপ্ন দেখতে পারো না।"
বিষয়টি নিয়ে যোগাযোগের পর ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ঘটনাটি মূলত জায়গা দখল ও সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে ঘটেছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে দুইজনকে দেশীয় ছোরাসহ আটক করেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় পুলিশ।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...