1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
৯ নভেম্বর, ২০২৬ দুপুর ০৩:৪০

78ac2852-67d1-43dd-85ae-af4af60a2346_1200x730.webp

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। সোমবার নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা এ প্রস্তাব জমা দেন। বৈঠক শেষে উপস্থিত ব্যক্তিরা এ তথ্য জানান।

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বেলা ১১টায় এ বৈঠক শুরু হয়। সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করে। প্রস্তাবটি বিস্তারিত পর্যালোচনা ও আলোচনার পর পরবর্তী করণীয় এবং মজুরি কাঠামো আরও উন্নত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে সম্মতি

এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা একমত হন। তাদের সুপারিশ অনুমোদিত হলে আগামী জানুয়ারি থেকে নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন পোশাকশ্রমিকরা।

প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো তৈরি করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। একই সঙ্গে মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন

গত ১ নভেম্বর তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।

অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।

বর্তমানে সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামোয় এ হার নির্ধারণ করা হয়।

তবে এবার শ্রমিক সংগঠনগুলো সর্বনিম্ন মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছে। এরই মধ্যে শ্রমিকপক্ষের পক্ষ থেকে ৩২ হাজার টাকার নতুন প্রস্তাব দেওয়া হলো।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১০৯

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...